Home প্রচ্ছদ স্কুল-কলেজ পরিচালনায় নতুন গাইডলাইন

স্কুল-কলেজ পরিচালনায় নতুন গাইডলাইন

0
43

রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা ইতিমধ্যে সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো প্রস্তাবেই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিদের থাকার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। সেই ৮টি প্রস্তাবের মধ্যে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ গভর্নিং বডি ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন-সংক্রান্ত প্রস্তাবও ছিল। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছিল।

সম্প্রতি সংস্কার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছার পাঁচ কর্মদিবসের মধ্যে ভেটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৫ কর্মদিবসের মধ্যে তা জারি করবে। নীতিমালা জারির এক মাসের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here