Home নাসিরনগর নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

0
39

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামে সালিশি বৈঠকে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমির আলী দাঁতমণ্ডল গ্রামের রফিজ আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় তার এক কর্মচারীকে লাঞ্ছিত করেন লাফিলুদ্দির ছেলে শাকিল। এ ঘটনার জেরে সুজন ও শাকিলের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে মারধরের ঘটনা ঘটে।

​সম্প্রতি তারা দুজনই নাসিরনগরের নিজ বাড়িতে ফিরে আসেন এবং সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য বুধবার বিকেলে একটি সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল ছোড়া শুরু করলে কৃষক আমির আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here