Home প্রচ্ছদ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থী শারাফতের

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থী শারাফতের

0
17
Oplus_131072

এইচএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা আল শারাফত খান (১৮) নামের এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাবার কিনে দেওয়া লাখ টাকার আইফোন বিক্রি করে সপ্তাহখানেক আগে তিনি একটি পুরোনো মোটরসাইকেল কিনেছিলেন। আজ রোববার বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের অদূরে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শারাফত ওই গ্রামের প্রবাসী আলাল মিয়ার ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি এবার ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। এই দুর্ঘটনায় তাঁর চাচাতো ভাই নাদিম খান (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

​পুলিশ ও শারাফতের পরিবারের সূত্রে জানা যায়, আজ দুপুরে মাকে মোটরসাইকেলে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে পৌঁছে দেওয়ার পর শারাফত কুট্টাপাড়া বড় মসজিদের কাছে একটি দোকানে মোটরসাইকেলটি মেরামত করেন। মেরামত সঠিক হয়েছে কিনা, তা পরীক্ষা করতে চাচাতো ভাই নাদিমকে নিয়ে তিনি ঢাকা-সিলেট মহাসড়কে চালাতে যান। বেলা তিনটার দিকে তাঁরা সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা অতিক্রম করার সময় একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শারাফতের মৃত্যু হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা নাদিমকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​নিহত শারাফতের বাড়িতে গিয়ে দেখা যায়, মা-বাবাসহ স্বজনেরা আহাজারি করছেন। তাঁর মা বিলাপ করতে করতে বারবার বলছিলেন, ‘মোটরসাইকেলটি আমার ছেলের জন্য কাল হয়েছে।’

​সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, পরিবারের লোকজন ময়নাতদন্ত না করার কথা বলে লাশ তাঁদের জিম্মায় নিয়েছেন। মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি, তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় সড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here