Home সারাদেশ বৃষ্টিবলয় ‘স্পিড’ আসছে, ৭২ ঘণ্টায় ৬ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

বৃষ্টিবলয় ‘স্পিড’ আসছে, ৭২ ঘণ্টায় ৬ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

0
42

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে একটি শক্তিশালী বৃষ্টিবলয়ের (রেইন বেল্ট) প্রভাবের কথা জানিয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

বুধবার বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, ‘স্পিড’ নামের এই বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। মাঝারি মাত্রার প্রভাব পড়বে রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে। রংপুর বিভাগে কম মাত্রায় বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটির আরেকটি পোস্টে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ভারি বৃষ্টি শুরু হয়েছে। শীঘ্রই চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সাগর সংলগ্ন উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং মৎস্যজীবীদেরকে আপাতত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টায় দেশের ৬ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী (পুর) পার্থ প্রতীম বড়ুয়া জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিভারি বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here