Home আখাউড়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি

0
43

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে বেসরকারি উদ্যোগে ভারত থেকে ৫০ মেট্রিক টন চালের একটি চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে এই চাল বন্দর এলাকায় এসে পৌঁছে।

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমদানি করা এই চালের প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ মার্কিন ডলার। যা স্থানীয় মুদ্রায় প্রতি কেজিতে ৬০ টাকারও বেশি পড়ছে। এর সঙ্গে আমদানি শুল্ক এবং অন্যান্য আনুষঙ্গিক চার্জ যুক্ত হলে স্থানীয় বাজারে এই চালের দাম আরও বৃদ্ধি পাবে।

​চাল আমদানির দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, চট্টগ্রামের মক্কা এন্টারপ্রাইজ এই চাল আমদানি করেছে।

​আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুটি ট্রাকে আসা চাল বর্তমানে বন্দর এলাকায় রয়েছে। রবিবার নাগাদ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও নির্ধারিত প্রক্রিয়া শেষে চালগুলো খালাস করা হবে।”

​উল্লেখ্য, সম্প্রতি দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বাড়াতে সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানির সুযোগ দেয়। তারই ধারাবাহিকতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে চালের এই চালানটি দেশে এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here