Home সারাদেশ আখাউড়ায় দুর্নীতির সংবাদ প্রকাশের মামলায় দুই সাংবাদিকের জামিন

আখাউড়ায় দুর্নীতির সংবাদ প্রকাশের মামলায় দুই সাংবাদিকের জামিন

0
31

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ফজলে রাব্বি ও আজকের পত্রিকা এবং আরটিভির সাংবাদিক সাদ্দাম হোসেনকে জামিন দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত।

গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট চেকপোস্টের ওসি আব্দুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

এই মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ আখাউড়া ও কসবায় মানববন্ধন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ভয় দেখানো যাবে না এবং তারা ন্যায়বিচার চান।

জামিন পাওয়া দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি বলেন, তারা কেবল সত্য প্রকাশ করেছেন এবং এজন্য মিথ্যা মামলার শিকার হয়েছেন। আদালত তাদের জামিন দিয়েছেন এবং তারা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে, তবে তারা ভীত নন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান (মামুন) এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন যে, গনমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকের মূল দায়িত্ব সত্য প্রকাশ করা। সাংবাদিকদের কণ্ঠরোধ করলে প্রকৃত সত্য কখনো সামনে আসবে না। তিনি আশা প্রকাশ করেন যে আদালত ন্যায়বিচারের মাধ্যমে এই ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here