ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ১৬টি হলের ফলাফলে শীর্ষ তিনটি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি কেন্দ্রীয় পদেই তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতিতে বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে ‘বিজয়ের পর মুমিন-মুসলিম হিসেবে করণীয়’ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
স্ট্যাটাসটিতে সূরা আন-নাসরের উদাহরণ দিয়ে বলা হয়েছে, যখন বিজয় অর্জিত হয়, জমিনের বুকে কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন মুমিন-মুসলিম হিসেবে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। সেগুলো হলো: আল্লাহর নামে তাসবিহ পাঠ করা, আল্লাহর হামদ/প্রশংসা করা এবং ইস্তেগফার করা বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া।
পোস্টের শেষাংশে আরও লেখা হয়, “নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী।”









