Home প্রচ্ছদ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সাগর-রুনির সন্তান পেলো প্লটের দলিল

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সাগর-রুনির সন্তান পেলো প্লটের দলিল

0
38

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাবা-মা হারানো শিশু মাহির সরওয়ার মেঘ তার পূর্বাচলের প্লটের দলিল বুঝে পেলো। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মেঘের হাতে এই তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেন।

​২০০৪ সালে সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটের জন্য আবেদন করেন এবং পরের বছর বরাদ্দ পান। ২০০৯ সালে এর পুরো মূল্য পরিশোধ করা হলেও, আগের সরকার প্লটটি তার পরিবারকে বুঝিয়ে দেয়নি। এখন এই প্লটের বৈধ মালিক হলেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং তার ছেলে মাহির সরওয়ার মেঘ।

​দলিল হস্তান্তর অনুষ্ঠানের সময় প্রধান উপদেষ্টা আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়েও খোঁজ নেন। তিনি মন্তব্য করেন, ‘তদন্তে এত দীর্ঘসূত্রিতা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং আইনি ব্যবস্থার প্রতি তাদের আস্থা কমিয়ে দেয়।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই মামলার তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেন।

​অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে অনেক আলামত নষ্ট হয়ে গেছে বলে বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআই জানতে পেরেছে। এসময় মেঘ নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেয়।

​এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here