আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি কানাডার টরন্টোতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে যে, সম্প্রতি টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সিইসি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সিইসি বাংলাদেশের নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সভায় উপস্থিত প্রবাসীরা সিইসিকে কানাডা সফরে এসে তাদের সঙ্গে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানান। কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এবং সিইসির সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। কানাডায় বসবাসরত বিভিন্ন পেশাজীবী যেমন—ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং শিক্ষার্থীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।









